২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে প্রবাসীকে হত্যার দায়ে স্ত্রীসহ দুইজনের ফাঁসির দণ্ড

এক প্রবাসীকে হত্যার দায়ে স্ত্রী ও তার কথিত প্রেমিককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে চাঁদপুরের একটি আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 02:08 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

সোমবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মামুনুর রশিদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সৌদি আরব প্রবাসী কলন্দার গাজীর স্ত্রী শিল্পী বেগম (২৬) ও তার কথিত প্রেমিক কবির গাজী (২৮)।

দুজনেই কারাগারে রয়েছেন।

মামলার অন্য একটি ধারায় দুইজনকে সাত বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে আরও এক বছর কারাভোগ করতে হবে বলে জানান চাঁদপুরের অতিরিক্ত পিপি সাইয়েদুল ইসলাম।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, ছুটিতে দেশে এলে ২০১৩ সালের ৭ জুলাই কলন্দার গাজীকে হত্যা করে স্ত্রী শিল্পী বেগম ও তার কথিত প্রেমিক কবির গাজী । পরে লাশ বাড়ির গোসলখানার পাশে মাটি চাপা দিয়ে পরদিন থানায় স্বামী নিখোঁজ জানিয়ে সাধারণ ডায়েরি করেন শিল্পী।

“পুলিশ জিডির সূত্র ধরে কবির গাজীকে আটক করে। পরে কবিরের স্বীকারোক্তি অনুযায়ী কলন্দার গাজীর মৃতদেহ উদ্ধার এবং শিল্পীকেও গ্রেপ্তার করে।”

তিনি বলেন, পরে ১১ জুলাই চাঁদপুর সদর মডেল থানার এসআই মানিক মিয়া দুইজনকে আসামি করে একটি মামলা করেন। ২০১৪ সালের ১৭ এপ্রিল দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।