বিশ্ব ব্যাংকের প্রকল্পের কাজ বন্ধ করলেন এমপি
‘নিম্নমানের কাজের অজুহাত’ তুলে ফেনীর সোনাগাজীতে বিশ্ব ব্যাংকের সহায়তায় চলমান চারটি প্রকল্পের কাজ স্থগিত করে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য রহিম উল্যাহ।
তবে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন না করে কাজ শুরু করায় সাংসদ ক্ষোভ প্রকাশ করে কর্মকর্তাদের মারধর করেন এবং পরে কাজ স্থগিতের নির্দেশ দেন।
সোনাগাজী উপজেলার চারটি গ্রামে বিশ্ব ব্যাংকের সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) চারটি ‘স্কুল কাম সাইক্লোন সেন্টার’ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
শনিবার প্রকল্প এলাকায় গিয়ে সাংসদ রহিম উল্যাহ এ ঘটনা ঘটান।
এসএসএই জয়েন্ট ভেঞ্চার প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটার রতন বনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ব ব্যাংকের অর্থয়ানে ফেনীর সোনাগাজীর শুলখালী, সরাজপুর, রঘুনাথপুর ও পালগিরি গ্রামে চারটি ‘স্কুল কাম সাইক্লোন সেন্টারের’ নির্মাণ কাজ চলছে।
শনিবার সকালে ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূইয়া) সংসদ সদস্য রহিম উল্যাহ সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করেন বলে রতন জানান।
“এক পর্যায়ে তিনি ওই দুই কর্মকর্তাকে সাংসদ চড়-থাপ্পর দেন। পরে এমপির সঙ্গে থাকা লোকজন ওই দুই কর্মকর্তাকে উপর্যুপরি মারধর করেন। এরপর প্রকল্পের সব কাজ স্থগিত করে প্রতিটি কর্ম এলাকায় দলীয় লোক স্থাপন করে কাজ শুরু করার নির্দেশ দেন তিনি।”
এমপির নির্দেশ ছাড়া কাজ শুরু করলে পরিণাম ভয়াবহ হবে বলে প্রকল্প কর্মকর্তাদের হুমকি দেন সাংসদ, বলেন রতন।
“সাংসদদের নির্দেশের পর কাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষতে জানানো হয়েছে।”
তারা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানান রতন বনিক।
প্রজেক্ট কো-অডিনেটর রতন বনিক আরও জানান, প্রকল্প এলাকায় ইতিমধ্যে সরাজপুরে ৫৯টি পিলারের মধ্যে ৫৫টি, পালগিরিতে ২৯টি পিলার, রঘুনাথপুরে ২২টি পিলার ও শুলাখালীতে ৫টি পিলারের পাইলিং শেষ হয়েছে। প্রায় ৩০ কোটি টাকা ব্যায়ে উপজেলার বিভিন্ন স্থানে ৭টি সাইক্লোন সেন্টর নির্মানের কাজ চলছে। কাজগুলো বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)।
ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও তিনি জানান।
এ ব্যাপারে সাংসদ রহিম উল্যাহ কর্মকর্তাদের চড়-থাপ্পর ও ভিত্তি প্রস্তরের বিষয়টি অস্বীকার করে বলেন, নিম্মমানের কাজ হওয়ায় স্থানীয়দের অভিযোগ পেয়ে তিনি সরেজমিনে পরিদর্শন করে চলমান কাজগুলো ‘স্থগিত করে দিয়েছেন’।
এসব কাজের বিষয়ে তিনি প্রধানমন্ত্রী, এলজিইডি মন্ত্রী, বিশ্ব ব্যাংকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
তার দাবি, তিনি কোনো লোককে মারেননি, তার প্রতিপক্ষ এক নেতার লোকজন তাদের মেরেছে।
