২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁওতালদের মামলার বাদী ‘নিখোঁজ’

গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে ইক্ষু খামারে সংঘর্ষ ও উচ্ছেদের ঘটনায় সাঁওতালদের পক্ষে মামলা দায়েরকারী স্বপন মরমুর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার।

তাজুল ইসলাম রেজা

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2016, 10:50 PM

Updated : 11 Oct 2022, 09:22 PM

পুরনো খবর:

গোবিন্দগঞ্জে এক সাঁওতালের মামলা নিয়ে নেতাদের সন্দেহ

স্বপনের মা ঈষা রাণী হেমভ্রম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলে ডালি, কুলাসহ বিভিন্ন বাঁশের জিনিস তৈরি করে। সে মামলা করেছে কি না তাও আমাদের জানা নেই। আজ আট দিন ধরে ছেলেটা নিখোঁজ।”

গত ৬ নভেম্বরের ওই সংঘর্ষে তিন সাঁওতালের প্রাণহানি ও তাদের কয়েকশ ঘরে আগুন দেওয়ার প্রায় ১০ দিন পর গোবিন্দগঞ্জ থানায় এই মামলা করেছিলেন ঘটনাস্থলের পাশের মুয়ালীপাড়া গ্রামের সমেস মরমুর ছেলে স্বপন।

এই মামলায় কারও নাম উল্লেখ না করে পাঁচ থেকে ছয়শ অজ্ঞাত পরিচয় ব‌্যক্তিকে আসামি করা হয়। পরে পুলিশ গ্রেপ্তার অভিযান শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ার কথা জানান স্থানীয়রা। ওই মামলায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

ঘটনার জন‌্য স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ ও ইউপি চেয়ারম‌্যান শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ তোলা সাঁওতালরাও এ মামলা নিয়ে সন্দেহ প্রকাশ প্রকাশ করেছিলেন।

স্বপনের স্ত্রী জোসনা মার্ডি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার স্বামী আট দিন আগে কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। সেই থেকে তার আর কোনো খোঁজ নেই।

“বিষয়টি পুলিকে জানাইনি, মামলাও করিনি।”

গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, স্বপন মুরমুর নিখোঁজের বিষয়ে কেউ কিছু জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাঁওতাল ও বাঙালিদের ১৮টি গ্রামের ১ হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি ১৯৬২ সালে অধিগ্রহণ করে রংপুর চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য সাহেবগঞ্জ ইক্ষু খামার গড়ে তুলেছিল। সেই জমি ইজারা দিয়ে ধান ও তামাক চাষ করে অধিগ্রহণের চুক্তিভঙ্গের অভিযোগ তুলে তার দখল ফিরে পেতে আন্দোলনে নামে সাঁওতালরা।

বছরখানেক আগে ওই জমিতে ঘর তুলে বসবাসের পাশাপাশি একাংশে ধান, কলাই ও পাট চাষ করে সাঁওতালরা। অপর অংশে আখের চাষ করেছিল চিনিকল কর্তৃপক্ষ।

গত ৬ নভেম্বর চিনিকলের কর্মকর্তা-কর্মচারীরা পুলিশ নিয়ে ওই আখ কাটতে গেলে বাধা দেয় সাঁওতালরা। এরপর উভয়পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিন সাঁওতাল নিহত হন। জ্বালিয়ে দেওয়া হয় তাদের ঘর-বাড়ি।

এখন আখ লাগাচ্ছে চিনিকল কর্তৃপক্ষ

সাঁওতালদের উচ্ছেদ করা সাত একর জমিতে শুক্রবার থেকে আখ লাগানো শুরু করেছে চিনিকল কর্তৃপক্ষ। যদিও ওই জমি ফিরে পাওয়ার দাবি জানিয়ে আসছে সাঁওতাল পরিবারগুলো।

রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল শুক্রবার আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাঁওতালরা খামারে বসতি স্থাপন করায় এসব জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। শুক্রবার থেকে চিনিকল কর্তৃপক্ষ আখ রোপন শুরু করেছে।”

এদিকে শুক্রবার দ্বিতীয় দিনে সাঁওতাদের কাছে ৫৬ বস্তা চাল তুলে দিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।

আব্দুল আওয়াল জানান, এদিন নয় একর জমির ধান কাটা হলেও সাত একরের ধান মাড়াইয়ের পর ৫৬ বস্তা ধান সাঁওতালদের দেওয়া হয়েছে।

বাকি দুই একরের ধান জমিতে ফেলে রাখা হয়েছে। মাড়াইয়ের পর তা তাদের কাছে দেওয়া হবে।

দুই দিনে মোট ৮২ বস্তা ধান বুঝে পাওয়ার কথা জানিয়ে আনছেন হেমভ্রম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিনিকল কর্তৃপক্ষের কাছ থেকে সব ধান পাওয়ার পর তা বিক্রি করা হবে। পরে নিজেদের মধ্যে সেই টাকা ভাগ করে নেওয়া হবে।