সাঁওতাল পল্লীতে আগুন-গুলি ‘সংঘর্ষ থামার পর’
গাইবান্ধা গোবিন্দগঞ্জের ক্ষতিগ্রস্ত সাঁওতালরা বলছেন, জমির দখল নিয়ে পুলিশ ও চিনিকল কর্তৃপক্ষের সঙ্গে তাদের সংঘর্ষ থামার কয়েক ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে ঘর-বাড়িতে আগুন দেয় ও গুলিবর্ষণ করে।
গত ৬ নভেম্বরের ওই ঘটনায় নিহত হয় তিন সাঁওতাল, যা পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও অভিযোগ তাদের।
মঙ্গলবার সাঁওতাল পল্লী মাদারপুর চার্চ মাঠে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির গণশুনানিতে কয়েকশ সাঁওতালের উপস্থিতিতে তাদের পক্ষে বারনাবাস টুডু, রাফায়েল হাসদা, রিনা মাইতি, কৃষ্ণ মুরমু, ববিতা মুরমু ও ভেরজুলিও হেমভ্রম এ অভিযোগ করেন।
এ সময় তারা ১৯৫৫ সালে তাদের পূর্ব পুরুষের ঘরবাড়ি ভেঙে ১ হাজার ৮৪২ দশমিক ৩০ একর জমি দখল প্রক্রিয়ার শুরু থেকে বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।
বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ গণশুনানিতে উপস্থিত হয়ে সাঁওতালরা ঘণ্টাব্যাপী তাদের বক্তব্য উপস্থাপন করেন। গণশুনানি পরিচালনা করেন কমিটির উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও শামছুল হুদা।
এর আগে শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি শামছুল হুদা, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ আব্বাস, সম্পাদক মণ্ডলীর সদস্য সৈয়দ মাহবুবুর রশিদ, কেন্দ্রীয় নেতা নাদিয়া চৌধুরসহ ১৮ সদস্যের দলটি সাঁওতাল পল্লী ও ঘটনাস্থল পরিদর্শন করেন।
গত ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ জমি উদ্ধার করতে গেলে দুপক্ষের সংঘর্ষের সময় সাঁওতালদের বাড়িঘর ও ফসলের ক্ষেতে লুটপাট হয়। একচালা ঘরগুলো পুড়িয়ে দেওয়ার পর চিনিকল কর্তৃপক্ষ ট্রাক্টর দিয়ে মাটি সমান করে দেয়।
শুনানিতে ওই দিনের ঘটনার বর্ণনায় বারনাবাস টুডু বলেন, চিনিকল কর্তৃপক্ষ সকাল ৮টার দিকে পুলিশ নিয়ে ইক্ষু খামারের কাটামোড় এলাকায় আখ কাটতে আসে। এ সময় তারা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুপুরের দিকে পরিস্থিতি শান্ত হয়।
এরপর বিকালে পল্লীতে অভিযান চালায় পুলিশ ও র্যাব। তাদের সঙ্গে চিনিকল কর্তৃপক্ষের লোকজনও ছিল। রাত ১০টা পর্যন্ত এই অভিযানে আড়াই হাজার ঘর-বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন বারনাবাস টুডু।
হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি উচ্ছেদে তাদের যে ক্ষতি হয়েছে তার উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান সাঁওতালরা।
পাকিস্তান আমলে জমি অধিগ্রহণ করে গড়ে তোলা রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামার গোড়াপত্তনের ইতিহাস তুলে ধরেন তারা।
সাঁওতালরা দাবি করেন, তাদের বাপ-দাদার জমি চিনিকল কর্তৃপক্ষ যখন নিয়ে নেয় তখন শুধু জমিতে থাকা ফসলের মূল্য বাবদ টাকা দেওয়া হয়। জমির কোনো মূল্য দেওয়া হয়নি। পরবর্তীতে ১৯৬২ সালে জমি অধিগ্রহণের কাগজপত্র করা হয়।
জমিতে চিনিকলের জন্য আখ চাষ ছাড়া অন্য কোনো ফসল চাষ করা হলে জমি মূল মালিকদের ফেরত দেওয়া হবে বলে সে সময় চুক্তিপত্রে উল্লেখ ছিল বলে দাবি করেন তারা।
কিন্তু ২০০৪ সালে চিনিকলটি বন্ধ হয়ে যাওয়ার পর স্থানীয় প্রভাবশালীদের জমিগুলো লিজ দেওয়া হয়। এরপর সেখানে ধান, ভুট্টা, আলু, তামাক, গমসহ বিভিন্ন ফসলের চাষ করা হয়। স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ ওই জমিতে নয়টি পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন বলে সাঁওতালদের ভাষ্য।
তারা বলেন, জমির মালিকানা ফিরে পেতে তাদের আন্দোলন-সংগ্রামে সংদস সদস্য আবুল কালাম আজাদ এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুলবুলও এক সময় সম্পৃক্ত ছিলেন।
বুলবুল ভূমি উদ্ধার কমিটির সভাপতি হয়ে প্রতি সপ্তাহের শনিবার সভা করে আন্দোলনের খরচ ও কাগজপত্রের কথা বলে পরিবার প্রতি দেড় থেকে দুইশ টাকা করে চাঁদা তোলেন। তবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি আন্দোলন থেকে সরে পড়েন বলে অভিযোগ সাঁওতালদের।
সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি ছাড়া সরকারি কোনো খাস জমিতে পুনর্বাসনের উদ্যোগ মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
শুনানি শেষে শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, অধিগ্রহণ করা জমি অন্য কাউকে লিজ দেওয়ার অধিকার চিনিকল কর্তৃপক্ষের নেই।
ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে তিনি বলেন, “প্রয়োজনে আমরা আপনাদের আইনগত সহায়তা দিব।”
গণশুনানির রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরসহ প্রধানমন্ত্রীকে পৌঁছে সাঁওতালদের দাবি উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
পরে সহায়তা হিসেবে সাঁওতালদের মধ্যে নগদ টাকা ও কম্বল বিতরণ হয়।
এদিকে মঙ্গলবার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে সাঁওতালদের চাষ করা আমন ধান ক্ষেত পরিদর্শন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার আশরাফুল ইসলাম ও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল।
জেলা প্রশাসক বলেন, পরিমাপ করে দেখা গেছে ৪৫ দশমিক ৫০ একর জমিতে ধান চাষ করা হয়েছে। এর মধ্যে ৩০ একর জমির ধান পেকে কাটার উপযোগী হয়েছে। বাকি জমির ধান কাটার উপযোগী হতে ৮ থেকে ১০ দিন সময় লাগবে বলে কৃষি বিভাগ জানিয়েছে ।
“হাই কোর্ট ৩০ নভেম্বরের মধ্যে ধানকাটার নির্দেশ দিয়েছেন। ওই আদেশের দুটি অংশ রয়েছে। একটি অংশে বলা হয়েছে ‘অধিগ্রহণকৃত জমিতে সাঁওতাল জনগোষ্ঠী যে ধান চাষ করেছে, সে ধান সংগ্রহে তাদের সুযোগ দিতে হবে’। আরেকটিতে বলা হয়েছে ‘যদি প্রথমটি সম্ভব না হয় তাহলে সুগারমিল কর্তৃপক্ষ এ ধান সংগ্রহ করবে এবং সম্পৃক্ত সাঁওতাল জনগোষ্ঠীর কাছে তা হস্তান্তর করব’।”
নির্দেশনা অনুযায়ী সাঁওতালরা যদি ধান সংগ্রহ না করে তবে মিল কর্তৃপক্ষ ধান কেটে তাদের বুঝিয়ে দেবে বলে জানান জেলা প্রশাসক।
ধান বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “ধান যদি কোনো সমিতির মাধ্যমে চাষ করা হয় থাকে সে ক্ষেত্রে সমিতিকে বুঝিয়ে দেওয়া হবে। আর সমিতি না চাইলে যারা ধান চাষ করেছে তালিকা অনুযায়ী সেসব চাষীদের ধান বুঝিয়ে দেওয়া হবে।”
এ বিষয়ে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সদস্য ও সাঁওতাল পল্লী মাদারপুরের গ্রাম প্রধান বারনাবাস টুডু ও ভূমি উদ্ধার কমিটির সহ-সভাপতি ফিলিমন বাস্কে জানান, কমিটির নামে সংঘবদ্ধভাবে রোপা আমন ধান চাষ করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত মোতাবেক ধান কাটা হবে।
এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তারা বলেন, সিদ্ধান্ত নিয়ে মিল কর্তৃপক্ষ ও প্রশাসনকে শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
