২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ খুন: আসামি পক্ষের যুক্তিতর্ক ফের ২৭ নভেম্বর

নারায়ণগঞ্জে চাঞ্চল‌্যকর সাত খুনের দুটি মামলায় আসামি পক্ষের যুক্তি-তর্কের শুনানি অসম্পন্ন থাকায় আগামী ২৭ নভেম্বর ফের তারিখ রেখেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 07:06 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে র‌্যাবের সাবেক কর্মকর্তা মেজর আরিফ হোসেনসহ দুই আসামির আইনজীবীরা যুক্তিতর্ক সম্পন্ন  করেন।

এই নিয়ে ১৭ আসামির আইনজীবীদের যুক্তিতর্ক সম্পন্ন হলো।

আদালত দুই আসামির যুক্তিতর্ক শেষে আগামী ২৭ নভেম্বর পরবর্তী তারিখ রেখেছেন বলে জানান পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন।

তিনি বলেন, প্রথমে ল্যান্স করপোরাল রুহুল আমিন সামসুর হক তরফদার ও র‌্যাবের সাবেক কর্মকর্তা মেজর আরিফ হোসেনের আইনজীবী  এম আর রশিদ যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে আদালত মেজর আরিফ হোসেনের আইনজীবীর যুক্তিতর্ক অসমাপ্ত রেখে পরবর্তী তারিখ ২৭ নভেম্বর দিন রাখে।

এরআগে সোমবার রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক শেষে আসামিদের রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন করে। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে ১৫ আসামির আইনজীবীরাও তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামসহ তার পাঁচ সহযোগীকে অপহরণ করা হয়।

একই সময় একই স্থান থেকে অপর একটি গাড়িতে থাকা নারায়ণগঞ্জ আদালতের প্রবীণ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়ির চালককেও অপহরণ করা হয়।

ঘটনার তিন দিন পর শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলা শান্তির চর এলাকার তীর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।

এই হত্যাকাণ্ডে নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি এবং চন্দন সরকারের মেয়ের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একই থানায় অন‌্য মামলাটি দায়ের করেন।

প্রায় এক বছর তদন্ত শেষে প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল।

এই ঘটনায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১৭ সদস্য এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেনের তৎকালীন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনের পাঁচ সহযোগীসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার ১৭ মাস পর মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হয়। তিনিসহ বর্তমানে এই মামলায় ২৩ আসামি কারাগারে রয়েছেন। পলাতক ১২ জনের মধ‌্যে আটজনই র‌্যাব সদস্য।

ওয়াজেদ আলী জানান, এ দুটি মামলায় এ পর্যন্ত ৩৪ কার্য দিবস আদালত বসেছে। আসামিদের মধ‌্যে ২১ জন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রাষ্ট্রপক্ষে মোট ১৬৪ জনের সাক্ষ‌্য শুনেছে আদালত; যাদের মধ‌্যে ৬০ জন প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দি দিয়েছে।