ঠাকুরগাঁওয়ে হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ
ঠাকুরগাঁও শহরে দুটি হাতি দিয়ে চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শহরের চৌরাস্তা থেকে আর্ট গ্যালারি মোড় পর্যন্ত এলাকার দোকানিরা অভিযোগ করেছেন, চার দিন ধরে দুটি হাতি দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে।
সরজমিনে মঙ্গলবার বেলা ১টার দিকে দেখা গেছে, ওই এলাকার দোকানগুলো থেকে স্বপন (২৫) ও আলী (২৭) নামে দুই ব্যক্তি দুটি হাতি দিয়ে চাঁদা আদায় করছেন। হাতি শুঁড় এগিয়ে দিচ্ছে, টাকা না দিলে নড়ছে না।
ব্যবসায়ী সাইফুল আলম অভিযোগ করেন, “চার দিন ধরে দৈনিক দুপুরে হাজির হয়ে হাতির ওপর বসে থাকা মাহুত টাকা দিতে বলে। টাকা না দিলে নড়ে না।”
তারা দৈনিক ৫০ থেকে ১০০ টাকা করে দেন বলে দাবি করেন।
আলমগীর হোসেন নামে আরেক ব্যবসায়ী বলেন, হাতিগুলো শহরের চৌরাস্তা থেকে আর্ট গ্যালারি পর্যন্ত দুই শতাধিক দোকান ও পথচারীর কাছ থেকে জোরপূর্বক চাঁদা তুলেছে।
ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী নোমান আলী বলেন, “কলেজ থেকে চৌরাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলাম। এ সময় একটি হাতি আমার সামনে এসে দাঁড়ায়। আমি ২০ টাকার একটি নোট দিলে হাতিটি চলে যায়।”
বগুড়া থেকে আসা হাতির মাহুত স্বপন ও আলী বলছেন, এটা চাঁদা নয়, হাতির বকশিস।
তারা ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের রামনাথ হাটের মেলায় এসেছেন বলে জানান।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ।
