২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতের হামলায় আহত নাটোরের পৌর কাউন্সিলরের মৃত্যু

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতদের ধারালো অস্ত্রে আহত নাটোর পৌরসভার কাউন্সিলর মোস্তাক আহমেদ ৪২ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতালে মারা গেছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 12:02 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসকেরা মোস্তাকের লাইফ সাপোর্ট খুলে নেন বলে তার ভাই মাসুদ আহমেদ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মোস্তাকের অবস্থার অবনতি হলে রোববার রাত সাড়ে ৯টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

“ভোর সাড়ে ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সাড়ে ছয় ঘণ্টা পর ‍চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
নাটোর পৌর আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক শহরের কানাইখালি জেলে পাড়ার মরহুম মসেলম উদ্দিনের ছেলে।

গত ৮ অক্টোবর রাতে ঢাকা থেকে একটি প্রাইভেট কারে করে নাটোরে ফেরার পথে ডাকাতের কবলে পরেন মোস্তাকসহ চারজন। নাটোরের গুরুদাসপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মহাসড়কের ৬ নম্বর সেতুর ওপর তারকাঁটা ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতরা।

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

গাড়িটির দুটি চাকা নষ্ট হওয়ায় চালক গাড়ি থামাতে বাধ‌্য হন। ডাকাতরা মোস্তাকসহ অন‌্যদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গাড়িতে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে চলে যায়।

মাসুদ জানান, ধারালো অস্ত্রের আঘাতে মোস্তাকের পেটের পাঁচটি নাড়ি ফুটো হয়ে যায়। ঢাকার স্কয়ার হাসপাতালের চিকিৎসকেরা কৃত্রিম খাদ্যনালী সংযোজন করলেও তা ঠিকভাবে কাজ করছিল না।

ময়নাতদন্ত শেষে মোস্তাকের লাশ নাটোরে নিয়ে যাওয়া হবে বলে তার স্ত্রী রিপা বেগম জানান।

ওই ঘটনায় আহত অন‌্যরা হলেন- নাটোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম জাহিদ, নাটোরের লালবাজার এলাকার আশুতোষের ছেলে সঞ্জয় ও মুকুল চন্দ্র সাহার ছেলে মিঠুন সাহা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার এসআই জসিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “ওই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।”

পুরনো খবর:

সড়কে তারকাঁটা ফেলে প্রাইভেট কারে ‘ডাকাতি’