২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় খালাস আসামির মুক্তি

আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার খুনের মামলায় খালাস পাওয়া এক আসামি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 09:37 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

রোববার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে মুক্তি পান জাহাঙ্গীর আলম (৪৭)।

তিনি টঙ্গীর গোপালপুর এলাকার নূর হোসেনের ছেলে।

সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে বিচারিক আদালত ফাঁসির আদেশ দিয়েছিল। পরে আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করলে তাকেসহ কয়েকজনকে ওই মামলা থেকে খালাস দেওয়া হয়।

“গত ১৭ নভেম্বর আদালত থেকে তার খালাসের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই করার পর রোববার সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।”

২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি চালিয়ে হত্যা করা হয়। তার সঙ্গে খুন হন ওমর ফারুক রতন নামে আরেকজন। এ ঘটনায় তার ছোট ভাই মতিউর রহমান মতি বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেন।

আসামিদের মধ্যে আদালত ছয়জনের মৃত্যুদণ্ড, আটজনের যাবজ্জীবন ও ১১ জনকে খালাস দেয়। তাছাড়ার দুই আসামি আলামিন ও রতন মারা যাওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।