২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁওতালের মামলায় গ্রেপ্তার আরও ২

গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে ইক্ষু খামারে সংঘর্ষ ও উচ্ছেদের ঘটনায় এক সাঁওতালের মামলায় আরও দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে তিন দিনে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হলো।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 03:46 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

গ্রেপ্তার দুজন হলেন উপজেলার সাপমার ইউনিয়নের তরফকামাল কামারপাড়া গ্রামের নায়েব আলীর ছেলে সরোয়ার হোসেন (৪২) ও তরফকামাল খামারপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে আকবর আলী (৫০)। 

শনিবার ভোর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে গোবিন্দগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানান।

এসআই আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনায় জড়িত অভিযোগে এ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

গত ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জে ইক্ষু খামারে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের ব্যাপক সংঘর্ষ হয়। ওই সময় পুলিশ গুলি চালালে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এতে তিন সাঁওতাল নিহত ও অনেকে আহত হয়।

ওই ঘটনায় গোবিন্দগঞ্জের মুয়ালীপাড়া গ্রামের সমেস মরমুর ছেলে স্বপন মরমু বাদী হয়ে বুধবার গভীর রাতে ৫ থেকে ৬শ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেন।

ওই মামলায় বুধবার রাতেই পাঁচজন এবং বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাতে আটকরা হলেন- উপজেলা চক রহিমপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে মানিক মিয়া (২৬), হোসেন আলীর ছেলে বাদশা মিয়া (৫০), তরফ কামাল গ্রামের ওয়াহেদ বাবুর ছেলে চয়ন মিয়া (২৫), সাহেবগঞ্জ গ্রামের আব্দুল জোব্বারের ছেলে আব্দুর রশিদ (৬০) ও আসাদুজ্জামানের ছেলে শাহ নেওয়াজ (৩৮)।

বৃহস্পতিবার রাতে আটক হন- উপজেলার কাটাবাড়ী গ্রামের সাদিকুল ইসলাম (৪৫), লেবু মিয়া (২১) ও নরেঙ্গাবাদ গ্রামের জিয়াউর রহমান (৩২)।

পুরনো খবর:

গোবিন্দগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির
গোবিন্দগঞ্জে এক সাঁওতালের মামলা নিয়ে নেতাদের সন্দেহ