২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে তিন বাড়িতে আগুন, শিশু নিহত

ফরিদপুরের সদরপুর উপজেলায় বাড়িতে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে; পুড়ে গেছে তিন পরিবারের পাঁচটি ঘরসহ গবাদিপশু ও হাঁস-মুরগি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 03:45 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

উপজেলার ভাষানচর ইউনিয়নের বাজার কান্দি কারিরহাট গ্রামে শুক্রবার সন্ধ্যায় আগুন লাগে বলে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছমির বেপারী।

নিহত রাব্বি (১০) ওই গ্রামের শেখ ইউনুসের ছেলে ও ডিক্রির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লেগে ওই গ্রামের ইউনুস শেখ, বানেজ শেখ ও আনেস শেখের পাঁচটি ঘর পুড়ে যায়।

“সে সময় ঘরে ঘুমিয়ে থাকা রাব্বি ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। এছাড়া ওই বাড়ির তিন পরিবারের পাঁচটি বসতঘর, ১০টি গবাদিপশু, হাঁস-মুরগি, কবুতর, চাল-ডাল, আসবাবসহ সবকিছু পুড়ে গেছে।”

রাব্বির মা আকলিমা বেগম জানান, তিনি তার অসুস্থ স্বামীর জন্য ওষুধ আনতে বাড়ির পাশের কারিরহাট বাজারে যান। ওষুধ নিয়ে ফেরার পথে আগুন দেখতে পান।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাঁচ হাজার টাকা, কম্বল, লুঙ্গি ও শাড়ি দিয়েছেন বলে জানান চেয়ারম্যান।

চেয়ারম্যান নিজেও পাঁচ হাজার টাকা দিয়েছেন বলে জানান।