কক্সবাজারে মানবপাচার মামলার এক আসামি গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়া উপজেলায় মানবপাচার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া বাজারে এ অভিযান চালানো হয় বলে উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান।
গ্রেপ্তার নুরুল কবির (৫০) জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার মকতুল হোসেনের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, নুরুল কবির দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে এসেছেন গোপনে এ খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কবিরের বিরুদ্ধে মানবপাচারে অভিযোগে একটি এবং তার স্ত্রী রেবী আক্তারের বিরুদ্ধেও একই অভিযোগে এক ডজনের বেশি মামলা রয়েছে বলেন তিনি।
