২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের টাকাসহ সার্ভেয়ার গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক সার্ভেয়ারকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 10:01 PM

Updated : 12 Apr 2022, 03:19 AM

গ্রেপ্তার মো. মোশারফ হোসেন দক্ষিণ কেরানীগঞ্জ ভূমি অফিসের সার্ভেয়ার।

বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক মো. আবু সাঈদ আল-মামুন জানান।

দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিনের বরাত দিয়ে তিনি বলেন, “এক নারী জমির নামজারী করার জন্য মোশারফের কাছে গেলে তিনি টাকা দাবি করেন। দু দফায় কয়েক হাজার টাকাও দেন ওই নারী।

“তৃতীয় দফায় মোশারফ ওই নারীর কাছে আরও পাঁচ হাজার টাকা দাবি করলে তিনি দুদকের কাছে একটি অভিযোগ করেন। বৃহস্পতিবার বিকালে দুদক ঐ নারীকে দিয়ে ফাঁদ পেতে ঘুষের টাকাসহ মোশারফকে গ্রেপ্তার করে।”

এ ঘটনায় দুদক কর্মকর্তা নাজিম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন জানিয়ে পরিদর্শক সাঈদ বলেন, দুদক মোশারফকে ঢাকা বিভাগীয় কার্যালয়ে নিয়ে যাবে এবং তারাই এ ঘটনার তদন্ত করবে।