নাসিরনগরে হামলা ক্ষমার অযোগ্য অপরাধ: এমাজ উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলা ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজ উদ্দিন আহমেদ।
সোমবার শত নাগরিক কমিটির ১১ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি নাসিরনগরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
পরে স্থানীয় দত্তবাড়ির মন্দিরের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ভবিষ্যতে যেন এই ঘটনা দেশের আর কোথাও না ঘটে সেদিকে সবার নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
এ সময় শত নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল হাই শিকদার, কেন্দ্রীয় সদস্য ইউসুফ হায়দার চৌধুরী, উত্তম বড়ুয়া, কাদের গনি চৌধুরী, জাহাঙ্গীর আহমেদ তার সঙ্গে ছিলেন।
ফেইসবুকে ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি হিন্দুমন্দির ও অন্তত দেড়শ বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।
এরপর দেশের বিভন্ন স্থানে আরও বেশ কয়েকটি মন্দিরে হামলা ও মূর্তি ভাংচুরের ঘটনা ঘটে।
