২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নিরপেক্ষ নির্বাচন ভয় পায়: নজরুল ইসলাম

আওয়ামী লীগ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 10:51 PM

Updated : 20 Aug 2022, 02:13 PM

সোমবার সিরাজগঞ্জ শহরের ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির প্রতিনিধি সভায় বলেন, তারা জানে জনগণ তাদের ভোট দেবে না; তাই তারা কৌশলে আবার এককভাবে নির্বাচন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পাঁয়তারা করছে।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, “আওয়ামী লীগ আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। আজ হোক আর কাল হোক নির্বাচন তাদের দিতেই হবে। আর ওই নির্বাচনে জনগণ তাদের সকল অন্যায়ের জবাব দেবে।”

দেশ এখন চরম দুঃসময় অতিক্রম করছে মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, “এ সরকারের আমলে আমরা অনেক সাথীকে হারিয়েছি। কেউ খুন হয়েছে, কেউ গুম হয়েছে। হাজার হাজার মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।

“দলের এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে ২০টি মামলা নেই,” দাবি করে এ অবস্থা চিরদিন থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নেতা হবেন তিনি যিনি কর্মীদের কাছে গ্রহণযোগ্য, সকল আন্দোলনে যিনি কর্মীদের পাশে থাকেন। যারা কর্মীদের ডাকে সাড়া দেন না, কর্মীদের পাশে দাঁড়ান না, তারা নেতা হওয়ার যোগ্য নন।

জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদের সভাপতিত্বে সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন তালুকদার খোকা, সৈয়দ শাহীন শওকত, নির্বাহী সদস্য বাবুল আহম্মেদ, নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, নির্বাহী সদস্য সাইদুর রহমান বাচ্চু  ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার বক্তব্য রাখেন।