গাইবান্ধায় বিএনপি সম্পাদকের মৃত্যু: রোববার হরতাল
বিএনপির সাধারণ সম্পাদক গাউসুল আজম ডলারের মৃত্যুর জন্য চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হরতালের ডাক দিয়েছে দলটি।
দুপুরে শহরের দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি আনিচ্ছুজ্জামান খান বাবু সাংবাদিকদের বলেন, কারা কর্তৃপক্ষের চিকিৎসায় অব্যবস্থাপনা ও অবহেলার কারণে ডলারের মৃত্যু হয়েছে। তাই রোববার জেলা শহরে অর্ধদিবস হরতাল পালন করা হবে।
জেএসসি ও জেডিসিসহ অনান্য সব পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।
শনিবার সকালে কারাগারে অসুস্থ হন গাউসুল আজম ডলার (৪৮)। হাসপাতালে নেওয়ার পর সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
ডলারের বড়ভাই আলমগীর হোসেনের অভিযোগ, “আমার ভাই বেশ কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েন; কিন্তু কারাকর্তৃপক্ষ সময়মতো চিকিৎসার ব্যবস্থা করেনি। তাদের অবহেলা ও বিনা চিকিৎসায় তিনি মারা যান।
“দুইদিন আগে কারাগারে তার সঙ্গে দেখা করতে গেলে তিনি (ডলার) আমাকে অসুস্থতার কথা জানিয়েছিলেন।”
অবহেলার অভিযোগ অস্বীকার করে গাইবান্ধা জেলা কারাগারের জেলার মাসুদার রহমান বলেন, শনিবার সকালে গাউসুল আজম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ৫ অক্টোবর থেকে তিনি জেলা কারাগারে ছিলেন। আইনি প্রক্রিয়ার পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এস আই এম শাহীন বলেন, সকালে তাকে হাসপাতালে নিয়ে আসেন কারা কর্তৃপক্ষ। ভর্তি করার পর তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
নাশকতা মামলায় গত ৫ অক্টোবর রাতে পলাশবাড়ী উপজেলা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।
শনিবার বাদ এশা গাইবান্ধা নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
