পোশাককর্মীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
শেরপুরে এক পোশাকশ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন, শেরপুর শহরের খরমপুর এলাকার সবুজ মিয়া (২৫), কসবা নামাপাড়ার জাহিদ (২৪) ও ঋষিপাড়ার শিরিন ঋষি (২৯)।
শুক্রবার বিকালে শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে শেরপুর সদর থানার পরির্দশক (তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস জানান।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দলবেঁধে ধর্ষণের কথা স্বীকার করেছে। মেয়েটি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পরির্দশক বিপ্লব বলেন, নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় ওই শ্রমিকের সঙ্গে সবুজের পূর্ব পরিচয় ছিল। এ সূত্র ধরেই বিয়ে কথা বলে সবুজ তাকে শেরপুর আসতে বলে।
“বুধবার মেয়েটি শেরপুর আসলে কৌশলে সবুজ ও তার দুই বন্ধু দলবেঁধে ধর্ষণ করে এবং রাত ২টার দিকে স্থানীয় ধোপাঘাটি ব্রিজের কাছে ফেলে রাখে। পরে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।”
বৃহস্পতিবার মেয়েটি সদর থানায় একটি মামলা পুলিশ ওই তিন জনকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।
