পুঠিয়ায় বোমা বিস্ফোরণে চার মামলা
রাজশাহী পুঠিয়ায় ‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণের ঘটনায় চারটি মামলা হয়েছে।
রোববার পুঠিয়া ও চারঘাট থানায় বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাস বিরোধী আইনে মামলাগুলো হয় বলে জানিয়েছে পুলিশ।
চার মামলাতেই বিস্ফোরণে আহত আব্দুল খালেকসহ তিন জনকে আসামি করা হয়েছে বলে জানান পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ।
অন্য দুই আসামি হলেন বুলবুল হোসেন ও জাহিদ হোসেন।
শনিবার রাতে তাড়াশ গ্রামের একটি বাড়িতে ‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণে আব্দুল খালেকের দুই হাতের কবজি উড়ে যায়। চারঘাট উপজেলার গোপালপুর গ্রামের আবু বক্করের ছেলে খালেককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি হাফিজুর বলেন, পুঠিয়া থানার দুই মামলার বাদী তিনি। আর চারঘাট থানার দুই মামলার বাদী ওই থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ। চার মামলায়ই আব্দুল খালেককে গ্রেপ্তার দেখানো হবে।
চারঘাট মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, আব্দুল খলেকের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ না থাকলেও তার পরিবার ও আশপাশের লোকজন এবং তার কক্ষ থেকে উদ্ধার জিহাদি কাগজপত্র দেখে নিশ্চিত হওয়া গেছে তিনি জেএমবির সঙ্গে জড়িত।
তবে জেএমবির কোন পর্যায়ের নেতা তা খতিয়ে দেখা হচ্ছে বরে জানান তিনি।
ওসি বলেন, খালেক চারঘাটের এমএ হাদি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের অনিয়মিত ছাত্র। তবে বেশিরভাগ সময় তিনি বাড়ির মধ্যে নিজ ঘরে দরজা বন্ধ করে থাকতেন।
“কারও সঙ্গে তেমন মেলা-মেশা করতেন না। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েলেও মসজিদে যেতেন না।”
তিনি বলেন, খালেক তার চাচাত ভাই লালনের সঙ্গে চলাফেরা করতেন। লালন জেএমবির নেতা ও বোমা তৈরির কারিগর। গত ১১ জুন হাতবোমা ও জিহাদি বইসহ লালন গ্রেপ্তার হন।
