কেরানীগঞ্জে যুবক ও নারী লাশ উদ্ধার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অজ্ঞাত পরিচয়ে এক নারী ও বুড়িগঙ্গায় ট্রলারডুবিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. আশরাফ আলী চৌধুরী জানান, বুধবার দুপুরে আব্দুল্লাহপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে এক নারী ও কাউটাইলে বুড়িগঙ্গা নদীতে যুবকের লাশ পাওয়া যায়।
মৃত মো. ইমরান হোসেন (২০) ঝালকাঠির রাজাপুরের গলাইবাড়ি এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে। তবে আনুমানিক ৪০ বছর বয়সী নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
তাদের লাশ ময়ন্তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এসআই জানান।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই মো. আশরাফ আলী চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়রা মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে থানায় দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিখোঁজের একদিন পর স্থানীয়রা বুড়িগঙ্গায় ইমরানের লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. নূরুল আলম জানান।
ইমরান ট্রলারে যাত্রী পাড়াপাড়ের কাজ করতেন। সোমবার একটি লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গেলে ইমরান নিখোঁজ হন বলে নূরুল জানান।
