২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

গাজীপুরে বিয়ের প্রলোভনে এক বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 04:32 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

সোমবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. তৌহিদুল ইসলাম (৩২) গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা পূর্বপাড়া (ছায়াকুঞ্জ) এলাকার মো. মতিউর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন তিনি।

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান ট্রাইব্যুনালের বিশেষ পিপি এবিএম আফফান।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, চান্দনা পূর্বপাড়ার বাক প্রতিবন্ধী মেয়েটি দরজির কাজের প্রশিক্ষণ নিয়ে সার্ডি এলাকায় ভাইয়ের টেইলার্সে কাজ শুরু করতেন।

“তৌহিদুল মেয়েটির ভাইয়ের বন্ধু হিসেবে তাদের বাসা এবং ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত করত। এক পর্যায়ে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং ২০১২ সালের ১ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সময় ধর্ষণ করে। পরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের প্রলোভন দেখিয়ে গর্ভপাত ঘটায়।

“এ ঘটনায় মেয়েটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের জিজ্ঞাসাবাদে ঘটনা জানালে তারা তৌহিদুলকে বিয়ে করতে বলে। কিন্তু তৌহিদুল বিয়ে করতে রাজি না হওয়ায় মেয়েটির মা বাদী হয়ে জয়দেবপুর থানায় তৌহিদুল, তার ভাই ও বাবা-মাকে আসামি করে মামলা করেন।”

তদন্ত শেষে তৌহিদুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।