আয়কর সনদ তৈরির অভিযোগে আইনজীবী গ্রেপ্তার
আয়করের জাল সনদ তৈরির অভিযোগে ঢাকার সাভারে আয়কর আইনজীবীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় সাভার পৌর এলাকার ৩১/১ রাজাবাড়ি মহল্লায় ‘ইনকাম ট্যাক্স অ্যাডভাইজার অফিসে’ এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন ধামরাই উপজেলার চরসংকর গ্রামের মৃত হাজী তরফ আলীর ছেলে আয়কর আইনজীবী মিজানুর রহমান ও তার সহযোগী রোয়াইল গ্রামের আব্দুল জলিলের ছেলে সোহেল মিয়া।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ এফ এম সায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোয়েন্দা পুলিশ অফিসে তল্লাশি করে বিভিন্ন আয়কর, ভ্যাট অফিসারের নামের ২৯টি সিল, একটি কম্পিউটার, অসংখ্য আয়কর ও ভ্যাট সাটিফিকেট এবং সার্টিফিকেট তৈরির সরঞ্জামাদি জব্দ করেছে।
তিনি বলেন, যেসব সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে সেগুলো আয়কর অফিসে জমা দিয়ে যাচাই করা হবে আসল কোনো সাটিফিকেট আছে কিনা। পরবর্তীতে যাদের নামে সার্টিফিকেট তৈরি হয়েছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
