কুষ্টিয়ায় ইলিশ ধরায় ১২ জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞার মধ্যে মা ইলিশ ধরায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ১২ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
একইসঙ্গে তাদের কাছ থেকে আটক ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়।
শনিবার দুপুরে কুমারখালীর সহকারী কমিশনার (ভুমি) পীযুষ চন্দ্র দে এ সাজা দেন।
দণ্ডিত জেলেরা হলেন কিতাব (৫৪), বিল্লাল (৩২), রাজীব (৩২), কালাম (৪৭), জহির (৪০), বাবু (২৮), টানু (৫০), রুস্তম (৩০), জালাল (৪৫), আলাউদ্দিন (৫০), আমজাদ (৪২) ও মজিদ (৩৫)।
কুমারখালী মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান জানান, পুলিশ ও মৎস্য বিভাগ সমন্বিতভাবে শনিবার ভোরে কুমারখালী এলাকায় পদ্মা নদীর শিলাইদহ ঘাটে অভিযান চালায়।
অভিযানে কুমারখালী ও পাবনার ১২ জেলেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশসহ আটক করে বলে জানান তিনি।
রোকনুজ্জামান জানান, পরে বেলা পৌনে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) পীযুষ চন্দ্র দে আটক প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এরপর আদালত ২০ হাজার মিটার জাল পুড়িয়েছে। আটক ২০ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান তিনি।
১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছের ডিম ছাড়ার সময় হিসাব করে এ ২০ দিন সারা দেশে মা ইলিশ ধরা, বিক্রি ও মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।
