র্যাব-পুলিশ বিরোধ নেই: আইজিপি
পুলিশ ও র্যাবের মধ্যে কোনো দ্বন্দ্ব বা বিরোধ নেই, তারা একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
শুক্রবার বরিশালের কাশিপুরে আরআরএফ পুলিশ লাইনন্সে নবনির্মিত ব্যারাক ভবন উদ্বোধন শেষে পুলিশ প্রধান সাংবাদিকদের এ কথা বলেন।
উদ্বোধন শেষে ভবনটি ঘুরে দেখেন তিনি। এরপর এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি।
সম্প্রতি পুলিশের বিরুদ্ধে র্যাবের অভিযোগ নিয়ে গণমাধ্যমে খবর আসার মধ্যে পুলিশ প্রধান এ বক্তব্য দেন।
র্যাব পুলিশেরই একটি ইউনিট উল্লেখ করে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “একই পরিবারের সদস্যদের মধ্যে নানা বিষয় নিয়ে মতবিরোধ থাকতে পারে। তবে এখানে দ্বন্দ্বের কোনো অবকাশ নেই।”
এ সময় বরিশাল মহানগর পুলিশের কমিশনার এসএম রুহুল আমীন, পুলিশ সুপার এসএম আক্তরুজ্জামানসহ মহানগর, জেলা ও রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি একটি দৈনিকে খবর আসে যে, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ছয়টি ঘটনা উল্লেখ করে র্যাবের কার্যক্রমে বাধা এবং পুলিশ কর্তৃক র্যাব সদস্যদের নির্যাতনের লিখিত অভিযোগ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
তবে র্যাবের মহাপরিচালক তাকে ডিঙিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো অভিযোগ করেননি বলে দাবি করেন পুলিশ প্রধান।
এ খবরের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ দুই বাহিনীর মধ্যে কোনো ‘ভুল বোঝাবুঝি নেই’ বলে গণমাধ্যমে বক্তব্য দেন।
র্যাব পুলিশের অধীন একটি বিশেষ বাহিনী হলেও এতে সামরিক বাহিনী থেকে এসে কর্মকর্তারা কাজ করেন। তবে বাহিনীর প্রধানের দায়িত্বে থাকেন আইজিপির নিচের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কোনো কর্মকর্তা।
