জাবিতে সাংবাদিক মারধর: ৩ শিক্ষার্থী বহিষ্কার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলামকে মারধরের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার রাতে অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিবন্ধক আবু বকর সিদ্দিক জানিয়েছেন।
বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটো, সহ-সম্পাদক ইকরামউদ্দিন অমি ও কর্মী ইকরাম নাহিদ।
মহিতোষ রায় টিটো বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের, ইকরামউদ্দিন অমি মার্কেটিং বিভাগের ও ইকরাম নাহিদ পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।
নিবন্ধক আবু বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংবাদিক শফিককে মারধরের ঘটনায় মহিতোষ রায়কে দুই বছরের জন্য, ইকরাম উদ্দিন অমি ও ইকরাম নাহিদকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
“একই ঘটনায় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বায়েজিদ আহমেদকে লিখিতভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃতদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে সিন্ডিকেট।”
চলতি বছরের ২৭ জুলাই ওই তিনজনকে সাময়িক বহিষ্কার করে এবং ঘটনাটির অধিকতর তদন্তের জন্য প্রাধ্যক্ষ কমিটির সভাপতি সৈয়দ হাফিজুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করেছিল কর্তৃপক্ষ।
