গাইবান্ধায় পরিবহন ধর্মঘটের ডাক
গাইবান্ধায় মঙ্গলবার থেকে সকল রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
সোমবার ধর্মঘটের ঘোষণা দিয়ে শহরে মাইকিংও করে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এর আগে রোববার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ডাক দেন তারা।
ঐক্য পরিষদের আহ্বায়ক কাজী মকবুল হোসেন বলেন, গত ২৫ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ মটর মালিক সমিতি অনিয়মতান্ত্রিকভাবে সুন্দরগঞ্জ, বেলকা ও পাঁচপীর ফিডার রুটে তাদের পরিচালিত যানবাহন চালাতে শুরু করে। জেলা মটর মালিক সমিতির পক্ষ থেকে এর প্রতিবাদও জানানো হয়।
“এ কারণে শুক্রবার থেকে গোবিন্দগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকরা গাইবান্ধার যানগুলো গোবিন্দগঞ্জ থেকে ফেরত পাঠাচ্ছে। বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশকে জানানো হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।”
গাইবান্ধা শহর থেকে বগুড়া, রাজশাহী, সিলেট ও ঢাকাগামী যানগুলোর রংপুর-ঢাকা মহাসড়ক ধরে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের ভেতর দিয়েই চলাচল করতে হয় বলে জানান তিনি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, “আগে গাইবান্ধা জেলা মটর মালিক সমিতি আমাদের যান সুন্দরগঞ্জ, বেলকা ও পাঁচপীর রুটে চলাচল বন্ধ করে দিয়েছে। বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে। এর সমাধান না হওয়ায় আমরাও গাইবান্ধার যান গোবিন্দগঞ্জ থেকে ফেরত পাঠাচ্ছি।”
এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জানান, দুই পক্ষকে নিয়ে এ পর্যন্ত তিন দফা বৈঠক করা হয়েছে। কিন্তু তারা স্ব স্ব অবস্থানে অনড় থাকায় কোনো সমাধান করা সম্ভব হয় নাই।
তবে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।
