২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালু উত্তোলনে বাধা দেওয়ায় গুলি, আহত ৩

ফেনীতে নদী থেকে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এলাকাবাসীর উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 12:10 AM

Updated : 20 Aug 2022, 01:57 PM

রোববার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ের রঘুনাথপুরের মোবারক ঘোনায় এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।  

গুলিবিদ্ধ মিজানুর রহমান (৩৭), জাহাঙ্গীর আলম (৩৫) ও মোহাম্মদ মানিককে (২৪) সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ও সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে কালিদাস পাহালিয়া নদী।

গত তিন দিন ধরে মোবারক ঘোনা এলাকায় এই নদী থেকে ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা মুজিবুল হক রিপন ও তার লোকজন অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন বলে তাদের অভিযোগ।

তারা জানান, রোববার বিকালেও রাইজার মেশিনসহ ৫টি নৌকা নিয়ে ওই স্থানে বালু উত্তোলন করছিল তারা। ওই সময় এলাকার লোকজন বাধা দিলে বালু উত্তোলনকারীরা এলাকাবাসীর উপর গুলি চালায়।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, বালু তোলা নিয়ে ‘সংঘর্ষের’ ঘটনায় পুলিশ ও সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিদুর্শী সম্বৌধি চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সালেহ আহম্মদ জানান, গুলিবিদ্ধদের সকলের শরীরে একাধিক ছররা গুলি রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে আহতরা সকলে আশঙ্কামুক্ত।

এদিকে ইউপি চেয়ারম্যান মুজিবুল হক রিপন অভিযোগ অস্বীকার করে বলেন, তার কোনো লোক অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত নেই। তার বিরুদ্ধে অপ্রপ্রচার চালানো হচ্ছে।