ব্রাহ্মণবাড়িয়ায় কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতির মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
নিহত মানিক মিয়া (৩৫) সরাইলের রসুলপুর পূর্বপাড়া এলাকার মীর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ১০টি ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার ভোরে সরাইল-অরুয়াইল সড়কের ব্রাহ্মণগাঁও এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয় বলে সরাইল থানার ওসি রূপক কুমার সাহা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ডাকাতির চেষ্টা সময় বুধবার মধ্যরাতে সরাইলের অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের মাঝামাঝি স্থান থেকে মানিকসহ সাত ‘ডাকাতকে’ গ্রেপ্তার করা হয়।
“মানিকের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে তাকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধার অভিযানে বের হলে এলাকায় মানিকের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়; পুলিশও পাল্টা গুলি চালায়।
এতে গুলিবিদ্ধ মানিককে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
এই ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে দুটি পাইপগানসহ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয় বলে তিনি জানান।
আহত পুলিশ সদস্যরা হলেন- সরাইল থানার এসআই আবদুল আলিম, এএসআই শাহ আলম ও আমজাদ হোসেন এবং কনস্টেবল রবিউল ইসলাম।
