২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা ইলিশ শিকার: তিন জেলায় ২৮ জেলের দণ্ড

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে ইলিশ শিকারের দায়ে বরগুনা, ভোলা ও লক্ষ্মীপুরে ২৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2016, 04:27 PM

Updated : 20 Aug 2022, 01:54 PM

বুধবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ সাজা দেওয়া হয়।

বরগুনা:

বরগুনার পাথারঘাটার নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বুধবার ভোরে বলেশ্বর নদী থেকে ১২ জেলে আটক করা হয়েছে।

পরে দুপুর সোয়া ১২টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম তাদের এক মাস করে কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আল আমীন মাতুব্বর (২৬), মালেক মোক্তার (৫০), আসাদুল নাজীর (৪৭), ফিরোজ হাওয়াদার (৪৫), ইসাহাক মাঝি (২৭), নুরু মিয়া (৪৯), আবু বকর হাওলাদার (৪০), রাসেল (১৯), জাকির মুসল্লি (৩০) ও রুবেল শিকদার ওরফে রুহুল আমীন (২০)।

চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির এসআই রমজান মিয়া জানান, ভোরে বলেশ্বর নদের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫০ কেজি মা ইলিশ ও ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালত তাদের দণ্ড দিয়ে কারাগারে পাঠায়।

জব্দ করা ইলিশ বিভিন্ন এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

ভোলা:

ভোলার মেঘনা থেকে মা ইলিশ ধরার অপরাধে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের একটি দল ১১ জেলেকে আটক করে। পরে তাদের মধ্যে ছয়জনকে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনের ভ্রাম্যমাণ আদালত তাদের এ দণ্ড দেয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন আবুল কাসেম, আবু তাহের, আবদুল, সোহেল, রিয়াজ ও ফারুক।

ভোলার সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো. আছাদুজ্জামান জানান, ভোলা সদরের ভাংতির খাল, রামদাসপুর ও ভোলার খাল পয়েন্টে অবৈধভাবে ইলিশ শিকারের অপরাধে ১১ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে পাঁচজন শিশু হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

“বাকি ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে এক বছররের সাজা দেওয়া হয়।”

লক্ষ্মীপুর:

ইলিশ ধরায় লক্ষ্মীপুর সদরে ১০ জেলেকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান তাদের এ দণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন কমলনগর উপজেলার মৎস্যজীবি সমিতির সভাপতি মো. আলাউদ্দিন (৩৮), চর সামছুদ্দিন গ্রামের আবু তাহের (৫৬), চর কালকিনি গ্রামের মহিউদ্দিন (২৬), সদর উপজেলার মধ্য চর চরমনী গ্রামের আলাউদ্দিন (৩৮), নোয়াখালীর পূর্ব মাছ ছড়া গ্রামের মো. মোস্তাফা (৫৮), হোসেন আহম্মদ (৪৫), মো. সিরাজ (৫২), মো. শাহাজাহান (৪৫), মনির হোসেন (৩৬) ও মো. আলাউদ্দিন (২৮)।

নুরুজ্জামান জানান, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল, দুই কার্টন ইলিশ ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ ও  জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানান তিনি।

১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ আহরন, পরিবহন, মজুত, বিক্রি ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার।