২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে আওয়ামী লীগকর্মীকে গুলি করে হত্যা

যশোর সদর উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 02:59 PM

Updated : 20 Aug 2022, 01:53 PM

নিহত এজাজ হোসেন (৪০) উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের পূর্ব পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।

সোমবার সকালে একই ইউনিয়নে নিজের মুলার ক্ষেত থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তাকে গুলি করা হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আবদুর রশিদ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেনম, “এজাজের মাথার পেছন দিক থেকে একটি গুলি ঢুকেছে।”

এজাজকে দলীয় কর্মী বলে নিশ্চিত করেছেন চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মুন্না।

নিহতের ভাই বাদল হোসেন জানান, এজাজ ক্ষেত থেকে মুলা বিক্রি করে আনতাজ নামে এক সহকারীর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সকাল সোয়া ৮টার দিকে খিতিবদিয়া সরকারি পুকুরপাড়ে (ছাতিয়ানতলা মল্লিকবাড়ির কাছে) তাকে গুলি করা হয়।

তার অভিযোগ, স্থানীয় মোস্ত বাহিনী এজাজের উপর হামলা করে, যেই চক্র দুই বছর আগে তার ভাইকেও খুন করেছিল।

বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী মোস্ত ওরফে মোস্ত মেম্বর ও তার সহযোগী সবুজ ছাতিয়ানতলা মল্লিকবাড়ির পাশে রাস্তা আগলে এজাজকে থামিয়ে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়।

এবিষয়ে কোতয়ালী থানার ওসি মো. ইলিয়াস হোসেন বলেন, “এজাজ নামে একজনকে গুলি করে খুন করা হয়েছে শুনে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

“ঝাউদিয়া বাওড় নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।”

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।