গাইবান্ধায় প্রতিমা ভাংচুর, ৪ ‘নব্য জেএমবি’ আটক
গাইবান্ধা সদর উপজেলায় প্রতিমা ভাংচুর করে পালিয়ে পাওয়ার সময় ‘নব্য জেএমবির’ চার সদস্য আটকের খবর দিয়েছে পুলিশ।
রোববার বিকালে জেলা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম তার কার্যালয়েল এ সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
আটকদের মধ্যে একজন হলেন সুন্দরগঞ্জের ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী খানপাড়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে নজরুল ইসলাম খান (৩৫)।
বাকি তিন জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম-পরিচয় দেওয়া হল না।
পুলিশ সুপার বলেন, আটকরা মোটরসাইকেলে এসে উপজেলার লক্ষ্মীপুরহাটের কামারপাড়া সড়ক সংলগ্ন কালিমন্দিরে প্রতিমা ভাংচুর এবং ‘নিউ জেএমবি’ কর্তৃক দায় স্বীকার সংক্রান্ত হাতে লেখা চিঠি রেখে পালিয়ে যাওয়ার পথে সুন্দরগঞ্জ উপজেলার মন্ডলেরহাটে টহল পুলিশের হাতে ধরা পড়ে।
“এ সময় তাদের কাছ থেকে লাল রংয়ের একটি মোটরসাইকেল, হাতুর, দা, শাবল, রেঞ্জ, প্লাস, করাত, টর্চলাইট এবং হাতে লেখা নিউ জেএমবির হুমকিওয়ালা একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ।”
তিনি বলেন, এক সপ্তাহের ব্যবধানে এই দলটি জেলার আরও তিনটি মন্দিরে অগ্নিসংযোগ ও প্রতিমা ভাংচুর করেছে। জিজ্ঞাসাবাদে তারা সবগুলো মন্দিরের হামলার কথা স্বীকার করেছে।
