সুন্দরবনে র্যাবের সঙ্গে গোলাগুলি, ২ ‘দস্যু’ আটক
সুন্দরবনে গোলাগুলির পর অস্ত্রসহ দুই ‘বনদস্যুকে’ আটকের খবর দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় দস্যুদের সঙ্গে গোলাগুলি হয় বলে র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানিয়েছেন।
তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকালে র্যাব সদস্যরা জোংড়ার খাল এলাকায় গেলে সেখানে অবস্থান করা বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি করলে র্যাবও পাল্টা গুলি চালায়।
“প্রায় আধা ঘণ্টা গোলাগুলির পর দস্যুরা পিছু হটে। পরে সেখানে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও ১৪টি গুলিসহ ‘বনদস্যু’ বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়।”
তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে মেজর আদনান জানান।
