২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শারমিন হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

রাজশাহীর গৃহবধূ শারমিন আক্তার লিপি হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 01:01 PM

Updated : 12 Apr 2022, 03:00 AM

রাজশাহীর নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক কে এম শহীদ আহমদ আসামির উপস্থিতিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম (২৮) বাগমারা উপজেলার ভবানীগঞ্জ হিন্দুপাড়ার মোহাম্মদ আলী মেকারের ছেলে।

পিপি ইসমত আরা বলেন, ২০০৭ সালের ৭ অগাস্ট রফিকুল ইসলামের ভবানীগঞ্জ হিন্দুপাড়ার বাড়িতে তার স্ত্রী শারমিনকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়।

“ঘটনার পর শারমিনের বাবা একই উপজেলার হামির কুৎসা গ্রামের লুৎফর রহমান পাঁচজনের নামে বাগমারা থানায় মামলা করেন। যৌতুক চেয়ে না পেয়ে তাকে হত্যা করা হয় বলে তার অভিযোগ।”

তদন্ত শেষে পুলিশ পাঁচজনের নামে অভিযোগপত্র দেয় বলে পিপি জানান।

তিনি বলেন, নয় বছরের বেশি সময় ধরে বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক কে এম শহীদ আহমদ রফিকুলকে মৃত্যুদণ্ড দেন। অন্য চারজনকে খালাস দেওয়া হয়েছে।