১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্মার্টকার্ড হাতে পেল বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দারা হাতে পেয়েছে জাতীয় পরিচয়পত্র।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 03:53 PM

Updated : 11 Oct 2022, 08:49 PM

Image
দাসিয়ারছড়ার কয়েকজন বাসিন্দা
Image
স্মার্টকার্ড হাতে দাসিয়ারছড়ার ছোট কামাতের পশ্চিম-উত্তর গ্রামের জমিলা বেগম(৭০)।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ তাদের হাতে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড তুলে দেন।

বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাট বাজারে আয়োজিত জাতীয় পরিচয়পত্র বিতরণের অনুষ্ঠানে দাসিয়ারছড়ার নতুন ২০ নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ছোট কামাতের দক্ষিণ-পশ্চিম অংশের সুজনেরকুটি গ্রামের ১০ নারী ও ১০ জন পুরুষ স্মার্টকার্ড গ্রহণ করেন। পর্যাক্রমে অন্যান্যদের কার্ড বিতরণ করা হবে বলে জেলা নির্বাচন অফিস জানিয়েছে।

এ সময় উপস্থিত দাসিয়ারছড়াবাসীর করতালিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

নারিগকত্ব পরিচয়ের অনন্য দলিল স্মার্টকার্ড যত্ন সহকারে রাখার পরামর্শ দেন প্রধান নির্বাচন কমিশনার।

জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কার্যালয়ের যৌথ আয়োজনের এ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ, কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, এনআইডি প্রকল্পের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান সালেউদ্দিন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব, বেগম জেসমিন তুলি, অতিরিক্ত সচিব ড. শাহজাহান, পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ্ ।

নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, দাসিয়ারছড়ার ২ হাজার ৫৬২ জন নাগরিককে স্মার্টকার্ডের আওতায় আনা হয়েছে। এর মধ্যে এক হাজার ৩০৬ জন নারী এবং এক হাজার ২৫৬ জন পুরুষ।

স্মার্টকার্ড হাতে পাওয়ায় তারা আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানান তিনি।

দুই দেশের স্থলসীমান্ত চুক্তি অনুযায়ী, দাসিয়ারছড়াসহ ভারতের ১১১টি ছিটমহল গত বছরের ১ অগাস্ট প্রথম প্রহর থেকে বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হয়। এর বাসিন্দারাও বাংলাদেশের নাগরিক হয়ে যান। একইভাবে ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অংশ হয়ে যায়।