২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শনিবার সকালে অপহৃত এক কিশোরকে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

ও কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 11:48 AM

Updated : 20 Aug 2022, 01:49 PM

সেইসঙ্গে অপহরণের ঘটনায় জড়িত অভিযোগে এক দম্পতি গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার হওয়া মো. রিফাত খান (১৩) ঝালকাঠির মরিচবুনিয়ার কাঁঠালিয়া এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী মো. ফারুক খানের ছেলে।

শনিবার রাত মধ্যরাতে উপজেলার খেঁজুরবাগ টিনের মসজিদ রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত ওই কিশোরকে উদ্ধার করা হয় বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দক্ষিণ কোরানীগঞ্জ থানার পুলিশের সহায়তা নিয়ে কোতোয়ালি থানা পুলিশ সন্দেহভাজন দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করে।”

এরা হলেন- শরীয়তপুরের মনিরকান্দি চোরবাঘা এলাকার মৃত আজিজ গাজীর ছেলে মো. সাগর গাজী (৩৩) ও তার স্ত্রী নাসিমা গাজী (২৮)।

কোতয়ালী থানার ওসি আবুল হাসান জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিফাতের বাবা ফারুক খান মঙ্গলবার সৌদি আরব থেকে দেশে ফিরবেন। বাবাকে নিতে রিফাত বাড়ি থেকে পারাবাত-১১ লঞ্চে করে শনিবার ঢাকায় আসে।

“লঞ্চ থেকে নেমে মামা সাইফুল ইসলাম সুমনের জন্য অপেক্ষা করছিল রিফাত। এসময় সাগর ও বাতেন নামে দুজন রিফাতের কাছে এসে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে তার মামার মোবাইল নম্বর নিয়ে তার সঙ্গে কথা বলে। পরে তারা রিফাতকে বলে, ‘তোমার মামা তোমাকে আমাদের সঙ্গে থাকতে বলেছে’।

“তারা রিফাতকে দক্ষিণ কেরানীগঞ্জে নিয়ে এক বাড়িতে রেখে দেয়। সাগর ও বাতেন মোবাইল ফোনে সুমনের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।”

সুমন পুলিশকে জানালে মোবাইল ফোন কল ট্র্যাকিং করে সাগর ও বাতেনের অবস্থান শনাক্ত করে রিফাতকে উদ্ধার করা হয়। তখন সাগর ও নাসিমাকে গ্রেপ্তার করা হলেও বাতেন পালিয়ে যায়।

এ ঘটনায় রিফাতর মামা সাইফুল ইসলাম সুমন কেতোয়ালি থানায় একটি মামলা করেছেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।