সিরাজগঞ্জে নিজ ঘরে অটোরিকশা চালকের লাশ
সিরাজগঞ্জ সদর উপজেলায় সিএনজিচালিত এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টার দিকে নিজ ঘর থেকে আবুল কাশেমের (৪২) লাশ উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ওসি হেলাল উদ্দিন।
কাশেম সদর উপজেলার বহুলি ইউনিয়নের রাজাপুর গ্রামের মোজদার হোসেনের ছেলে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার আবুল কাশেমের স্ত্রী ও ছেলেমেয়েরা আত্মীয়বাড়ি গিয়েছিল দাওয়াত খেতে। মঙ্গলবার বিকালে ফিরে এসে তারা নিজের ঘরে শোয়া অবস্থায় কাশেমের লাশ দেখতে পায়। স্থানীয়দের কাছে খবর পেয়ে রাত ১১টর দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
“সুরতহাল প্রতিবেদনে মৃত্যুর কোনো আলামত দেখা যায়নি।”
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান ওসি হেলাল উদ্দিন।
