বেনাপোলে টিকেট সঙ্কট, দুর্ভোগে ভারতফেরত যাত্রীরা
অতিরিক্ত যাত্রীর চাপে ঢাকা ও চট্টগ্রামগামী বাসের সব টিকেট আগাম বিক্রি হয়ে যাওয়ায় ঈদের পর বেনাপোলে দুর্ভোগে পড়েছেন ভারতফেরত যাত্রীসহ শত শত মানুষ।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার অন্য যে কোনো সময়ের চেয়ে প্রায় তিনগুণ বেড়েছে বলে চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইকবাল মাহমুদ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্বাভাবিক সময়ে গড়ে দুই থেকে আড়াই হাজার যাত্রী পারাপার হতো। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ছয় থেকে সাত হাজারে।
“এর মধ্যে ভারতফেরত যাত্রীর সংখ্যাই বেশি।”
রোববার বেনাপোলের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখা যায়, ঢাকা ও চট্টগ্রামমুখী শত শত যাত্রী বাসের টিকিট না পেয়ে বিকল্প উপায় খুঁজছেন; কেউ মাইক্রোবাস, কেউ বা প্রাইভেট কার নিয়ে ঢাকায় রওনা দেওয়ার চেষ্টা করছেন।
ঈগল পরিবহনের কাউন্টারে ভারত থেকে আসা যাত্রী চট্টগ্রামের সুমিত্রা দেবী বললেন, সকালেই ভারত থেকে দেশে ফিরেছেন কিন্ত টিকিট না পাওয়ায় বাড়ি ফিরতে পারছেন না।
একই সমস্যায় পড়েছেন আফতাব উদ্দিন, পলাশ মন্ডল, জাফর হোসেন ও তার স্ত্রী নাদিরা সুলতানা। তারাও সবাই ভারত থেকে সকালেই দেশে এসেছেন।
ঢাকার ডেমরার বাসিন্দা পলাশ মণ্ডল বলেন, “বহুবার বেনাপোল দিয়ে ভারতে আসা-যাওয়া করেছি। কিন্তু বেনাপোলে এসে এমন সমস্যায় কখনো পড়েনি।
“সবগুলো কাউন্টার ঘুরেছি কোথাও টিকিট পেলাম না।”
বেনাপোলের আবুল কালাম, শিমুল হোসেন, আছিয়া খাতুন, আলি আশরাফ ও শাহাবুদ্দিন ঢাকার বিভিন্ন কোম্পানি চাকরি করেন। রোববার তাদের বিকল্প উপায়ে ঢাকায় ফিরতে হয়।
শার্শার টেংরা গ্রামের এফ রহমান মন্টু ঢাকার একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন।
তিনি বলেন, “দুদিন ঘুরেও কোনো টিকিট পাইনি। তার পরও ফিরতে হবে কর্মস্থলে। তাই মাইক্রোবাস রিজার্ভ করতে বাধ্য হচ্ছি।”
সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টারের ব্যবস্থাপক সহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় বাসের টিকিট আগেই শেষ।
“টিকেট না পেয়ে না পেয়ে অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস ও প্রাইভেট কার রিজার্ভ করে ঢাকায় যাচ্ছেন।”
বেনাপোল থেকে প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশ্যে ৬৫টি বাস ছেড়ে যায় বলে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকামুখী বাসগুলোর টিকেটও পাওয়া যাচ্ছে না।
তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের আগে থেকে বুকিং দিয়ে রাখায় ২০ তারিখের আগের কোনো টিকেট তাদের হাতে নেই। কেউ বুকিং বাতিল করলে সে টিকিট অন্যকে বিক্রি করতে পারছেন।
এদিকে টিকেট সঙ্কটের মধ্যেও যারা তা পেয়েছে, তাদের অনেকে ঈদের অজুহাত দেখিয়ে বাস কোম্পানিগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ঈগল পরিবহনের বেনাপোল অফিসের ব্যবস্থাপক এম আর রহমান রাশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন ঢাকা থেকে খালি গাড়ি নিয়ে আসতে হচ্ছে। তবু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না, সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে।”
তার দাবি, এতোদিন সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ৭০ টাকা কম নেওয়া হতো। এখন ওই টাকা ছাড় না দেওয়ায় যাত্রীরা অভিযোগ করছেন।
২০ সেপ্টেম্বর পর্যন্ত সব টিকেট বিক্রি হয়ে গেছে বলে রাশুও জানান।
বেনাপোলে হানিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, “তুলনামূলকভাবে ভাড়া বাড়ানো হয়নি। ঢাকা থেকে এখন খালি গাড়ি আসছে বিধায় পূর্বে নেওয়া ভাড়ার চেয়ে টিকেটপ্রতি ৭০ টাকা বেশি নেওয়া হচ্ছে। এটা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।”
