২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী-কন্যাসহ মাগুরায় ঈদ করবেন ক্রিকেটার সাকিব

ক্রিকেটার সাকিব আল হাসান এবার স্ত্রী-কন্যাসহ মাগুরায় নিজ বাড়িতে মা-বাবার সঙ্গে ঈদ করছেন। ইতোমধ্যেই কিনেছেন দুটি গরু ও চারটি ছাগল।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2016, 06:54 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

চার দিন আগে তিনি স্ত্রী শিশির ও মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে ঈদ উপলক্ষে মাগুরা শহরের কেশব মোড়ের বাড়িতে আসেন, যেখানে তার মা-বাবা বসবাস করেন।

সাকিবের বাবা মাশরুর রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাকিব চার দিন আগে ঢাকা থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে মাগুরায় এসেছেন। রোজার ঈদে ব্যস্ততার কারণে আসতে না পারলেও এবার পরিবারের সবার সঙ্গে মাগুরায় ঈদ করবেন।

“কোরবানির জন্য সাকিব কুষ্টিয়া থেকে এক লাখ ৬০ হাজার টাকা দিয়ে গৃহপালিত দুটি স্বাস্থ্যসম্মত গরু কিনেছে। পাশাপাশি স্থানীয় হাট থেকে ৫০ হাজার টাকা দিয়ে চারটি ছাগলও কিনেছে।”

বাবা-ছেলে মিলে এবার দুটি গরু ও চারটি ছাগল কোরবানি দিচ্ছেন বলে জানান মাসরুর রেজা।

তিনি বলেন, আবহাওয়া ভালো থাকলে বরাবরের মতোই নোমানী ময়দানে মাগুরায় ঈদের প্রধান জামায়াতে অংশ নেবেন সাকিব। আবহাওয়া প্রতিকূল হলে যাবেন শহরের জজ কোর্ট মসজিদে।

ছেলে, নাতনি ও পুত্রবধূর জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন মাসরুর রেজা।

এদিকে মাগুরা ক্রিক্রেট একাডেমির পরিচালক সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কি জানান, শনিবার বিকালে সাকিব কিছু সময়ের জন্য মাগুরা স্টেডিয়ামে যান। সেখানে তিনি একাডেমির প্রশিক্ষণার্থীদের ক্রিকেটের কিছু কলাকৌশল শিখিয়ে দেন।