গাছে পিকআপের ধাক্কা, যুবক নিহত
নীলফামারীর জলঢাকায় পিকআপ ভ্যান দুর্ঘটনায় এক মুদি দোকানদার নিহত হয়েছেন, আহত হন আরও দুই জন।
শনিবার উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের জলঢাকা-ডালিয়া সড়কের কাঁকড়া চৌপথি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খাদেমুল হক (৩৫) লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাতা গ্রামের আব্দুস সোহবানের ছেলে।
আহতদের রংপুর মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান প্রত্যক্ষর্দশীর বারত দিয়ে জানান, মুদি দোকানদার খাদেমুল হক ঈদ উপলক্ষে দোকানের মালামাল কিনতে সকালে একটি ভাড়ায় চালিত পিকআপ ভ্যান নিয়ে নীলফামারীর সৈয়দপুর যাচ্ছিলেন।
“বেলা ১০টার দিকে কাঁকড়া চৌপথি এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে খাদেমুল মারা যান।”
স্থানীয়রা পিকআপ ভ্যানের চালক ও সহকারীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে জানান তিনি।
ওসি আরও জানান, পুলিশ খাদেমুলের মৃতদেহ ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
