রাবি শিক্ষকের মৃত্যু ‘বিষক্রিয়ায়’: চিকিৎসক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির মৃতদেহের সুরতহাল রিপোর্ট দেখে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা চিকিৎসকের।
শনিবার দুপুরে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন হয়।
ময়নাতদন্ত শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুরতহাল অনুযায়ী তার বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট বের হলে আসল কারণ জানা যাবে।”
ভিসেরা প্রতিবেদন তৈরির জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সুরতহাল করার পর রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার আমীর জাফর সাংবাদিকদের বলেন, “সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিতভাবে বলতে পারব।”
পরিবারের সদস্যরা অভিযোগ দিলে সেই অনুযায়ী তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।
শনিবার সকাল ১০টার দিকে আকতার জাহানের ছোট ভাই, ভগ্নিপতি ও চাচাতো ভাইয়েরা বিশ্ববিদ্যালয়ে আসেন। এরপর তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর হিমঘর থেকে লাশ বের করলে তারা কান্নায় ভেঙে পড়েন।
আকতার জাহানের ছোট ভাই কামরুল হাসান রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আপাতত কোনো মামলা করছি না। ময়নাতদন্তের পর রিপোর্ট দেখে মামলা করার সিদ্ধান্ত নেব।”
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা হওয়ার কথা বলেছিলেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন থেকে নিজের আবাসিক কক্ষের দরজা ভেঙে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের (৪৫) মৃতদেহ উদ্ধার করা হয়।
পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আকতার জাহানের একমাত্র সন্তান আয়মান রহমান সোয়াদ ঢাকার একটি স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করে। প্রায় চার বছর আগে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় আকতার জাহানের।
তার সাবেক স্বামী একই বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমদ। আকতার জাহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ভবনের ৩০৩ নম্বর কক্ষে একাই থাকতেন।
তার কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া যায়, যাতে শারীরিক ও মানসিক কারণে তিনি আত্মহত্যার কথা লিখে যান।
