২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুটি ট্রাক ও একটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 01:28 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে বনপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।

নিহত দুজন হলেন টাঙ্গাইলের ভুয়াপুরের দোলন হোসেন (২৮) ও হেলাল উদ্দিন (৬০)। আনুমানিক ৪২ বছর বয়সী একজনের পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন একই এলাকার ফরহাদ হোসেন (৩৬), আব্দুল মতিন (৪৪) ও জয়নাল আবেদিন (৩৯)। তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল সাড়ে ৯টার  দিকে মানিকপুর এলাকায় আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলে দুইজন  মারা যান। আহত হন ট্রাকের চার যাত্রী। পরে আহতদের একজন নাটোর সদর হাসপাতালে মারা যান।”

ওসি জানান, হতাহত সবাই ট্রাকের আরোহী। তারা গরু কেনার জন্য নাটোরে আসছিলেন বলে জানা গেছে।

লাশ তিনটি বড়াইগ্রাম ও নাটোর হাসপাতালে রাখা আছে বলে তিনি জানান।