পদ্মা সেতু প্রকল্পে নির্মাণ শ্রমিক নিহত
মুন্সীগঞ্জে পদ্মা সেতু প্রকল্পে লোহার ফ্রেমের নিচে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের।
নিহত মো. সোহেল (২২) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নয়নপুর গ্রামের মো. হোসেনের ছেলে।
সোহেল সোমবার কাজে যোগ দিয়েছিলেন।
নির্বাহী প্রকৌশলী কাদের বলেন, মঙ্গলবার বিকালে পদ্মা সেতুর কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে একটি পেইন্টিং ওয়ার্কশপে কাজ করছিলেন সোহেল।
“হঠাৎ তার ওপর একটি লোহার ফ্রেম পড়ে যায়। গুরুতর আহত সোহেলকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। চিকিৎসা শুরুর পর তার মৃত্যু হয়।”
লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) প্রাণবন্ধু বিশ্বাস মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বলেন, “এ ব্যাপারে আমরা এখনও কিছু জানি না। খোঁজ নিচ্ছি।”
