মাদারীপুরে ৩ জনের ‘আত্মহত্যা’
মাদারীপুরের বিভিন্ন জায়গায় একই দিনে কলেজছাত্রীসহ তিনজন আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
সোমবার কালকিনি উপজেলা ও রাজৈর উপজেলায় বিভিন্ন সময় এসব আত্মহত্যা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের সুমন সরদার (২১), একই উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়ানগর গ্রামের হারাধন বিশ্বাস (২৭) ও কালকিনি উপজেলার ডাসারের সুনীল ঢালীর মেয়ে রত্না রানী ঢালী (১৬)।
রাজৈর থানার ওসি কামরুল হাসান বলেন, রাজৈর পৌরসভার পশ্চিম রাজৈর গ্রামের কদর সরদারের ছেলে সুমনের মৃতদেহ বাড়ির পাশের হলদিভিটার একটি চাম্বুল গাছ থেকে সোমবার সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
অপরদিকে দুপুরে একই উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়ানগর গ্রামের বাসিন্দা হরিপদ বিশ্বাসের ছেলে হারাধনের লাশ ঘরের দরজা ভেঙে আড়ায় ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয় বলে জানান ওসি।
ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, কালকিনি উপজেলার ডাসারের সুনীল ঢালীর মেয়ে রত্না রানী ঢালী পারিবারিক কলহের জের ধরে রোববার রাতে বিষ খেয়ে গুরুতর অসুস্থ হয়।
“কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
রত্না উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
