২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণচেষ্টার বিচার চাইতে গিয়ে কান হারাল

নওগাঁয় স্ত্রীকে ধর্ষণচেষ্টার বিচার চাওয়ায় স্বামীর কান কামড়ে বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 07:02 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

সোববার বেলা ১২টার দিকে রানীনগর উপজেলার পারইল থেকে ওহিদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয় বলে জানান রানীনগর থানার এসআই শফিকুর রহমান শফি।

এ ঘটনায় ওহিদুল, তার ভাই আসাদুল ও তাদের বাবা আক্কাস আলীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

এসআই মামলার বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার দুপুরে একই উপজেলার একটি গ্রামে এক গৃহবধূ নিজ বাড়ির টিউবয়েলে গোসল করার সময় ওহিদুল তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে ওহিদুল পালিয়ে যায়।

“বিকেল ৪টার দিকে ওহিদুলের বাবা আক্কাস আলীর কাছে বিচার দাবি করেন গৃহবধূর স্বামী। আক্কাস বিচারের বদলে দুই ছেলে ওহিদুল ও আসাদুলকে সঙ্গে নিয়ে তাকে মারধর করেন।”

এ সময় ওহিদুল তার ডান কানের বেশ কিছু অংশ কামড়ে বিচ্ছিন্ন করেন বলে জানান এসআই শফিকুর।

তিনি বলেন, এ ঘটনায় গৃহবধূর ভাসুর রোববার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনের নামে মামলা করার পর ওহিদুলকে গ্রেপ্তার করা হয়। অন্য দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

গৃহবধূর আহত স্বামীকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আন্জুমানয়ারা বলেন, তার কানের লতি থেকে বেশ কিছু অংশ বিচ্ছিন্ন করা হয়েছে, যা জোড়া লাগানো সম্ভব হয়নি।