গাইবান্ধায় নারীনির্যাতন মামলায় একজনকে যাবজ্জীবন
গাইবান্ধা সদর উপজেলায় কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে অপরাধে একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মামলার ১২ বছর পর রোববার বিকেলে গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ রত্নেস্বর ভট্টাচার্য এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবু আহম্মেদ আবদুল্লা কনক।
দণ্ডপ্রাপ্ত রেজাউল করিম (৩৮) গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার টেংগরজানী গ্রামের মো. আবু তাহের সর্দারের ছেলে।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আইনজীবী কনক বলেন, ২০০৪ সালে রেজাউল এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেন। পরে কিশোরী এক মেয়েসন্তানের জন্ম দেয়। রেজাউল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে কিশোরীর বাবা মামলা করেন।
“যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও বিচারক তাকে এক লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানা না দিলে তাকে আরও দুই বছর কারাভোগ করতে হবে।”
