জয়পুরহাটে যাজককে হত্যার হুমকি, তরুণ গ্রেপ্তার
পোল্যান্ডের নাগরিক খ্রিস্টান ধর্মযাজককে চাঁদা চেয়ে হত্যার হুমকি দেওয়ায় জয়পুরহাট শহরে এক আদিবাসী তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহরের খঞ্জনপুর এলাকার চার্চের যাজক মি. পাওয়েলকে হুমকি দেওয়ায় রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল।
গ্রেপ্তার সুনীল টুডু (২২) একই এলাকার সুভাষ টুডুর ছেলে।
পুলিশ কর্মকর্তা অশোক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার চার্চের যাজক পোল্যান্ডের নাগরিক মি. পাওয়েলকে সুনীল নিজ হাতে একটা চিঠি পৌঁছে দেন ।
“চিঠিতে পাওয়েলের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা বাহকের কাছে না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।”
এ ঘটনায় যাজক জয়পুরহাট সদর থানায় অভিযোগ করলে রোববার বিকেলে পুলিশ সুনীল টুডুকে গ্রেপ্তার করে বলে জানান পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, সুনীল নিজেই চাঁদা আদায়ের জন্য চিঠি দেন। তার সঙ্গে আর কেউ জড়িত নেই বলে তার দাবি।
