ট্রলারডুবি: এল আরও ৩ বাংলাদেশির মরদেহ
বঙ্গোপসাগরের হাতিয়া উপকূলে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে নিহত আরও তিন বাংলাদেশি জেলের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার বিকালে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা মরদেহগুলো বিজিবির কাছে হস্তান্তর করেন।
গত ১৪ অগাস্ট ১৭ মাঝিমাল্লা ও জেলে নিয়ে নিখোঁজ হওয়া ট্রলারটির এ পর্যন্ত ১০ জনের মরদেহ পাওয়া গেল।
ভোমরা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সিরাজুল গনি জানান, ভারতীয় ঘোজাডাঙ্গা বিএসএফর কোম্পানি কমান্ডার শিবদত্ত তার (সিরাজুল গনি) কাছে মরদেহগুলো হস্তান্তর করেছেন।
“পরে মরদেহগুলো সাতক্ষীরা সদর থানার এসআই রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।”
তবে মৃতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। তবে এই মরদেহগুলো কোথায় পাওয়া গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ঘোজাডাঙ্গা বিএসএফর কোম্পানি কমান্ডার শিবদত্ত, ভারতের পাথর প্রতিমা থানার এসআই কার্তিক মুখার্জি, ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন ওসি প্রশান্ত ঘোষ, বাংলাদেশের পক্ষে ছিলেন- সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভোমরা ক্যাম্পের কমান্ডার সুবেদার সিরাজুল গনি, ভোমরা ইমিগ্রেশন ওসি সুব্রত কুমার, সদর থানার এসআই রফিকুল ইসলাম প্রমুখ।
একই দুর্ঘটনায় নিহত অপর সাত বাংলাদেশি জেলের মরদেহ গত ১ সেপ্টেম্বর ভোমরা স্থলবন্দর দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। মরদেহগুলো ওইদিন সাতক্ষীরা শহরের কামালনগর কবরস্থানে দাফন করা হয়।
গত মঙ্গলবার (৩০ অগাস্ট) স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ভারতের পাথর প্রতিমা থানার আওতাধীন গোবিন্দপুর হাবাদ গঙ্গামেলা নদীর ঘাট থেকে একটি আধডোবা ট্রলার উদ্ধার করে পুলিশ। ওই ট্রলারে সাতটি মরদেহ পাওয়া যায়।
এফবি নূর আলম নামের ওই ট্রলার থেকে ভারতীয় পুলিশ একটি বাংলাদেশি মোবাইল ফোন উদ্ধার করে, যার নম্বর ০১৭১৬-২৭৬৮৮৯।
ওই নম্বরে বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করা হলে নোয়াখালী জেলার বীরগিড়ি গ্রামের হাজী মোতালেবের ছেলে নবীর উদ্দিন ফোনটি রিসিভ করেন।
তিনি বিজিবিকে জানান, ১৭ জন জেলে নিয়ে ট্রলারটি নিখোঁজ হয়েছিল।
