২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জলঢাকার মেয়রের অপসারণ দাবি কাউন্সিলরদের

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র ও সচিবকে অপসরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ছয় জন ওয়ার্ড কাউন্সিলর।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 06:47 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

শনিবার নীলফামারী প্রেসক্লাবে জলঢাকা পৌরসভার কাউন্সিলরবৃন্দে ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রহমত আলী।

তিনি অভিযোগ করে বলেন, জলঢাকা উপজেলা বিএনপির বর্তমান সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে সীমাহীন দুর্নীতে করে আসছেন।

সম্প্রতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে পৌরসভার সাত কর্মচারী নিয়োগে তার আত্মীয়-স্বজনদের নিয়োগ দেন বলে তার অভিযোগ।

এছাড়াও দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মাথায় ভুয়া ভাউচারের মাধ্যমে পৌরসভার আদায় করা এক কোটি টাকা রাজস্ব থেকে অর্ধকোটি টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করেন তিনি। 

সংবাদ সম্মেলনে কাউন্সিলররা এই মেয়রকে অপসারণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মহসীন আলী, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রী বিশ্বনাথ রায়, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফজলুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রী রনজিৎ কুমার রায় এবং ১, ২, ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা বেগম উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে  জলঢাকা পৌরসভার মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীর সঙ্গে যোগযোগের জন্য তার ব্যক্তিগত দুটি মোবাইল ফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি।