২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বিরুদ্ধে আসামির দুই স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ডাকাতি মামলায় রিমান্ডে থাকা আসামিকে নির্যাতনের ভয় দেখিয়ে তার দুই স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 11:01 PM

Updated : 20 Aug 2022, 01:34 PM

এ ঘটনায় শুক্রবার রাতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন। কমিটির প্রধান তিনি নিজেই।

অভিযোগ আনা হয়েছে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতাউর রহমান ও  পুলিশের সোর্স নজরুল ইসলাম ওরফে তোতলা নজরুল ও শুভর বিরুদ্ধে।

পুলিশ কর্মকর্তা ফারুক বলেন, প্রাথমিক তদন্তে সোর্স নজরুল ও শুভর বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

“তবে এসআই আতাউর রহমানের বিষয়ে প্রমাণ পাওয়া যায়নি।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

দুই স্ত্রী সাংবাদিকদের বলেন, বুধবার রিমান্ডে নেওয়ার পর ওই দিনই রাত সাড়ে ১০টার দিকে এসআই আতাউর রহমানের সোর্স নজরুল ও শুভ দুই স্ত্রীকে মোবাইল ফোনে ডেকে নেন থানার অদূরে একটি ফ্ল্যাটে।

তারা বলেন, দুই সোর্স নির্যাতনের ভয় দেখিয়ে ২৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। এ সময় দুই স্ত্রী ৬ হাজার টাকা দিলেও আরও ১৯ হাজার টাকার দাবিতে দুই সোর্স দুই স্ত্রীকে তাদের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেন।

তারা রাজি না হলে দুই সোর্স দুই স্ত্রীকে ধর্ষণ করেন বলে তাদের অভিযোগ।

তারা অভিযোগ করেন, পরে রাত সাড়ে ১২টার দিকে এসআই আতাউর রহমানও ওই ফ্ল্যাটে এসে ছোট স্ত্রীকে ধর্ষণ করেন।

রিমান্ডে থাকা আসামির আইনজীবী মজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকালে রিমান্ডে থাকা আসামিকে আদালতে পাঠানো হলে তার দুই স্ত্রী আদালতপাড়ায় কান্নায় ভেঙে পড়েন।

“পুলিশের অব্যাহত হুমকির কারণে পরিবারটি মামলা করতে ভয় পাচ্ছে। তবে আমরা বিষয়টি নিয়ে অবশ্যই আগাব।”

ধর্ষণের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন এসআই আতাউর রহমান।

তিনি সাংবাদিকদের বলেন, “ঘটনাটি মিথ্যে। কারও সঙ্গে আমার লেনদেনের আলাপ হয়নি।”

তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মাসুদ ও জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুনুর রশিদ মণ্ডল।