২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ৪ স্কুলছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার

নীলফামারী সদর উপজেলায় ভ্যানচালক সুশীলচন্দ্র রায় (৩২) হত্যা মামলায় চার স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2016, 09:53 PM

Updated : 20 Aug 2022, 01:34 PM

বুধবার ভোরে পলাশবাড়ি ইউনিয়নের বামনডাঙ্গার মাঝাপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ওসি বাবুল আকতার।

গ্রেপ্তার সবাই পলাশবাড়ি ইউনিয়নের বাসিন্দা এবং একই ইউনিয়নের একটি বিদ্যালয়ের ছাত্র।

ছাত্রদের স্বীকারোক্তির বরাত দিয়ে ওসি বলেন, চলতি বছর ৩ জুলাই সন্ধ্যায় খেতারডাঙ্গা যাওয়ার কথা বলে পলাশবাড়ি বাজার থেকে সুশীলের ভ্যান ভাড়া করে চার ছাত্র।

“পরে মালিরকুড়া ব্রিজে গিয়ে তারা সুশীলের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্য চাকু ও ক্ষুর দিয়ে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পথচারী এসে পড়ায় তারা সুশীলকে ফেলে পালিয়ে যায়।”

পরদিন ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুশীলের মৃত্যু হয় বলে জানান ওসি বাবুল।

ওই দিনই সুশীলের বাবা জ্ঞানদাস কানাইকাটা গ্রামের ধৌলরাম রায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন বলেও ওসি জানান।

তিনি বলেন, আটক সবার বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তারা একই বিদ্যালয়ের সপ্তম, নবম ও দশম শ্রেণির ছাত্র। সবাই অভাবী পরিবারের সন্তান।

“বুধবার বিকালে তারা নীলফামারীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকরাম হোসেনর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।”

আদালতের নির্দেশে তাদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি বাবুল।