২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় এক মাস আগে নিখোঁজ এক কিশোরের লাশ পাওয়া গেছে শহরের এক বাড়ির সেপটিক ট্যাংকে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2016, 10:56 AM

Updated : 20 Aug 2022, 01:34 PM

চুয়াডাঙ্গা থানার ওসি তোজাম্মেল হক জানান, বুধবার সকালে শহরের সিএন্ডবি পাড়ার কোরবান আলীর বাড়ি থেকে মাহফুজুর রহমান সজীব নামের ১৩ বছর বয়সী ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

সজীব দামুড়হুদার ফেরিঘাটরোডের হাবিবুর রহমানের ছেলে। স্থানীয় ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে।

গত ২৯ জুলাই রাতে দামুড়হুদা উপজেলা চত্বরে বৃক্ষমেলা দেখতে গিয়ে সজীব নিঁখোজ হয় বলে পরিবারের বরাত দিয়ে জানান ওসি।

এ ঘটনায় বাড়ির মালিক কোরবান আলী (৬৫), তার স্ত্রী জুলেখা খাতুন (৫০) ও ছেলে মতিয়ার রহমানকে (৩০) জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সজীব নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে দামুড়হুদা থানায় একটি জিডি করা হয়।

এরপর র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা ‘গোপন খবরের ভিত্তিতে’ বুধবার সকালে ফায়ার সার্ভিসের সহযোগিতায় কোরবান আলীর বাড়ির সেপটিক ট‌্যাংকে তল্লাশি চালিয়ে লাশ উদ্ধার করে।

র‌্যাব পরে সজীবের লাশ পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান ওসি।

তিনি বলেন, “ধারণা করা হচ্ছে মুক্তিপণের জন্য সজীবকে অপহরণ করা হয়েছিল। পরে তাকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে রাখে অপহরণকারীরা।”