Published : 20 Aug 2016, 10:50 PM
শনিবার বেলা ১১টায় উপজেলার বেতগাড়ী লিচুতলা দ্বিতীয় বাইপাস সড়কের পাশে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ডিপোয় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বগুড়া ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক ইউনুস আলী।
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ডিপোর ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন বলেন, শনিবার বেলা ১১টায় পদ্মা ও মেঘনার দুই ট্রাকে ৮৭৮টি গ্যাস সিলিন্ডার ডিপোয় আসে। পদ্মার ট্রাক থেকে সিলিন্ডার আনলোড করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।
পদ্মার অফিস সহকারী আশরাফুল ইসলাম জনি বলেন, ট্রাক থেকে সিলিন্ডার আনলোড করার সময় হঠাৎ একটি সিলিন্ডারের নজেল বিচ্ছিন্ন হয়ে অন্য সিলিন্ডারের সঙ্গে ঘঁষা লেগে আগুন ধরে যায়।“এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হয়। পদ্মার ৩৭৮টি সিলিন্ডারের মধে্যে ১৮০টি সিলিন্ডার উদ্ধার করা গেছে। অপর সিলিন্ডারগুলো ডিপোর আশপাশের এক-দেড় শ গজ দূরে ছুটে গিয়ে নিখোঁজ রয়েছে। অনেকগুলো বিস্ফোরিত হয়েছে।”
স্থানীয় সাহেদ আলী বলেন, একের পর এক বিকট বিস্ফোরণ ও আগুনের লেলিহান শিখায় গোটা এলাকায় ভীতির সৃষ্টি হয়।
“ডিপোর কর্মকর্তাদের অবহেলা, অসতর্কতা আর পুরনো ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবহারের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়গুলো কর্মকর্তাদের বললেও তারা কর্ণপাত করেননি।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা ইউনুস আলী বলেন, বগুড়া ফায়ার সার্ভিসের তিনটি ও শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বলে তিনি জানান।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
আগুনে এক শ্রমিক আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।